সোমবার
২৩ নভেম্বর ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করা শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে নগরবাসীকেও সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, নিজ নিজ এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সামাজিক অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে নাগরিক দায়িত্ব পালন করতে হবে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় নগরীর ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কর্ণফুলী আবাসিক এলাকায় সড়ক, ড্রেন ও বিদ্যুৎ ব্যবস্থাসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি কর্ণফুলী আবাসিক এলাকার সড়ক উন্নয়ন, সোনালী আবাসিক এলাকার সড়কসমূহ এবং বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর লেইনের ড্রেন নির্মাণ ও উন্নয়নকাজের উদ্বোধন করেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, কর্ণফুলী আবাসিক এলাকায় প্রায় ২ হাজার ৮৩৮ ফুট সড়কের উন্নয়ন করা হয়েছে। এর মধ্যে সড়কের উভয় পাশের ড্রেন সংস্কার, ড্রেনের স্ল্যাব নির্মাণ, ম্যাকাডম ও বিটুমিনাস কার্পেটিং, রোড মার্কিং এবং ক্যাটস আই স্থাপনের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি আরও বলেন, ২৪ নম্বর ওয়ার্ডসহ নগরীর বিভিন্ন এলাকায় সড়ক ও ড্রেন উন্নয়নের কাজ চলমান রয়েছে। বসুন্ধরা, নিরিবিলি, আপন, সবুজবাগ, মনসুরাবাদ, রঙ্গিপাড়া, আনন্দপুর ও আগ্রাবাদ হাউজিং সোসাইটিসহ বিভিন্ন আবাসিক এলাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি শেখ মুজিব রোডের দুই পাশে সড়ক ও ফুটপাত নির্মাণ এবং বিভিন্ন এলাকায় বক্স ড্রেন নির্মাণের কাজ চলছে।
উন্নয়নকাজের মান নিশ্চিত করার বিষয়ে প্রশাসক বলেন, কোনো ঠিকাদার নিম্নমানের কাজ করার চেষ্টা করলে এলাকাবাসীকে দ্রুত সিটি কর্পোরেশনকে জানাতে হবে। উন্নয়নকাজের স্বচ্ছতা ও গুণগত মান বজায় রাখতে স্থানীয় বাসিন্দাদেরও তদারকিতে অংশ নিতে হবে।
নাগরিকদের অভিযোগ জানানোর সুবিধার্থে ‘চট্টগ্রাম অ্যাপস’ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, রাস্তার খানাখন্দ, নষ্ট সড়কবাতি, ড্রেনের স্ল্যাব না থাকা, জলাবদ্ধতা ও ময়লা-আবর্জনাসহ বিভিন্ন সমস্যার ছবি তুলে এই অ্যাপের মাধ্যমে অভিযোগ করা যায়। গত চার মাসে অ্যাপটির মাধ্যমে প্রায় ৭ হাজার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ৪ হাজার ৫০০টি অভিযোগ ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে।
নগরীর সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাস্তা, ফুটপাত ও ড্রেন জনগণের সম্পদ। এসব রক্ষার দায়িত্বও সবার। মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, ইভটিজিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা তুলে ধরে প্রশাসক বলেন, নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করছে সিটি কর্পোরেশন। ইতোমধ্যে ১১টি মাঠ প্রস্তুত করা হয়েছে। কর্ণফুলী আবাসিক এলাকায় উপযুক্ত জায়গা চিহ্নিত করে প্রস্তাব দেওয়া হলে প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে সেখানে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, প্রশাসকের নির্দেশনায় নগরীর উন্নয়ন কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। ২৪ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও সড়ক সমস্যার সমাধানে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, অতীতে এ এলাকার অনেক সড়ক বছরের কয়েক মাস পানির নিচে থাকত। বিভিন্ন সংস্থার খননকাজের কারণে সড়কগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমানে এসব সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন কার্যকর উদ্যোগ নিয়েছে। প্রশাসকের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় সড়ক উন্নয়ন, আধুনিক আলোকায়ন ও খেলার মাঠ নির্মাণের কাজ বাস্তবায়িত হচ্ছে।
কর্ণফুলী আবাসিক এলাকার বাসিন্দাদের নিজস্ব উদ্যোগে বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থাকে পরিচ্ছন্নতা কার্যক্রমের ইতিবাচক দৃষ্টান্ত বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, চসিকের প্রকৌশল বিভাগের কর্মকর্তা, আবাসিক এলাকার বাসিন্দা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।