সোমবার
২৩ নভেম্বর ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে মো. আবদুল্লাহ নামে ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আবদুল্লাহ উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধোরলা খান বাহাদুর পাড়া এলাকার সিদ্দিক আহমদের বাড়ির প্রবাসী ওসমান আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে বাড়ির মাটির গুদামঘরে খেলছিল আবদুল্লাহ। রাত ৯টার পর হঠাৎ কান্নাকাটি শুরু করলে পরিবারের সদস্যরা তার শরীরে সাপের কামড়ের দুটি দাগ দেখতে পান। এ সময় একটি সাপকেও চলে যেতে দেখেন তারা।
শিশুটির মা ওয়াফিকা আলিফ জানান, তার ছেলে খেলতে থাকা অবস্থায় হঠাৎ চিৎকার করে ওঠে। পরে ডান হাতের বগলের নিচে সাপের কামড়ের দাগ দেখতে পান। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের দেয়ালে থাকা সাপের ছবি দেখে সাপটিকে পদ্ম গোখরা বলে শনাক্ত করেন তিনি। অ্যান্টিভেনম প্রয়োগের পরও সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানান তিনি।
শিশুটির চাচা তাহসিন জানান, রাত ১০টার দিকে প্রথমে আবদুল্লাহকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মৌমিতা দাশ জানান, রাত ১০টার দিকে সাপে কামড়ানো অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়। সাপের কামড় নিশ্চিত হওয়ার পর তাকে অ্যান্টিভেনম দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। পরে শিশুটির মৃত্যুর খবর পাওয়া যায়।