সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সোমবার

২৩ নভেম্বর ২০২৬

৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

রিয়াজুদ্দিন বাজারে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, বাসি-পচা খাবার সংরক্ষণ এবং পোড়া তেলে ভাজাপোড়া তৈরির অভিযোগে চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজার এলাকায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (২৩ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দলের সহায়তায়, রিয়াজুদ্দিন বাজার এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।

অভিযানে ফজল দিন ইকবাল দিন নামের প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, নকল পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং খাবারে ব্যবহারের জন্য ইন্ডাস্ট্রিয়াল রং বিক্রির অভিযোগে এ দণ্ড দেওয়া হয়।

পূরবী হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে বিক্রির উদ্দেশ্যে রান্না করা পচা-বাসি খাবার (সবজি, তরকারি, গ্রিল, বিরিয়ানি) ফ্রিজে সংরক্ষণের প্রমাণ মেলে। এর মধ্যে অন্যের খাওয়ার পর প্লেটে অবশিষ্ট থাকা ভাত মিশ্রিত মাংস তুলে রাখার বিষয়টিও ছিল। এ ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের দায়ে এ জরিমানা করা হয়।

পোড়া ও অস্বাস্থ্যকর কালো তেল দিয়ে খাদ্যপণ্য ভাজার অপরাধে বিসমিল্লাহ ঝাল বিতানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক মাহমুদা আক্তার। অভিযানের আলোকচিত্র ধারণ করেন ক্যামেরাম্যান মো. আফতাবুজ্জামান।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।