সোমবার
২৩ নভেম্বর ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


মিরসরাই প্রতিনিধি:: শিল্পাঞ্চলে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে এক হাজার গাছ রোপণের উদ্যোগ নিয়েছে চীনা প্রতিষ্ঠান খাইশি লিনজেরি বাংলাদেশ লিমিটেড। চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১-এ পর্যায়ক্রমে এসব গাছ লাগানো হবে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে এ কর্মসূচির উদ্বোধন করেন মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চল-১-এর নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মাহবুব।
এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শিয়াও হংশি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়সার রহমান, কাউন্সিলর কালাচাঁদ সমাদ্দার, হেড অব এইচআর, অ্যাডমিন ও কমপ্লায়েন্স মাহমুদ আলম সিদ্দিকী, জামান উল্ল্যাহসহ বেপজা ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং কারখানার পরিবেশ আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিষয়ে খাইশি লিনজেরি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মাহমুদ আলম সিদ্দিকী বলেন, ‘খাইশি লিনজেরি বাংলাদেশ শুধু উৎপাদনশীলতা নয়, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতার বিষয়েও প্রতিশ্রুতিবদ্ধ। ধাপে ধাপে আমরা এক হাজার গাছ রোপণ করব।’
ব্যবস্থাপনা পরিচালক শিয়াও হংশি বলেন, ‘আমাদের বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্যে বৃক্ষরোপণ অন্যতম। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই।’
মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চল-১-এর নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মাহবুব বলেন, ‘খাইশির উদ্যোগটি সময়োপযোগী। সরকারিভাবেও আমরা কিছু গাছ রোপণ করেছি। তবে মাটিতে লবণাক্ততার কারণে গাছের পরিচর্যা ও টিকিয়ে রাখা কিছুটা চ্যালেঞ্জিং। এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’