বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বুধবার

২৫ নভেম্বর ২০২৬

১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চুরি-ছিনতাই ও কিশোর গ্যাং নির্মূলে সিএমপি কমিশনারের কঠোর নির্দেশনা

স্টাফ রিপোর্টার: চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোঃ শওকত আলী।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে সিএমপির নভেম্বর মাসের মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সভায় পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান কমিশনার। একই সঙ্গে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমনে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।

সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন সিএমপি কমিশনার। এসব সমস্যা সমাধানে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেন তিনি।

অনুষ্ঠানে ‘পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ (পুরুষ ও নারী)-২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়ে রানার্সআপ হওয়া নারী পুলিশ সদস্যদের শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন কমিশনার। এ ছাড়া দীর্ঘ কর্মজীবনে দায়িত্ব পালন শেষে অবসর-পূর্ব ছুটিতে (পিআরএল) গমনকারী এসআই (সশস্ত্র) মো. নুরুজ্জামানকে সম্মাননা ক্রেস্ট দিয়ে বিদায় জানান তিনি।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ এবং উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়াসহ সিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সভায় অংশ নেন।