বুধবার
২৫ নভেম্বর ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনাকে ঢাকার করা প্রত্যর্পণ অনুরোধ থেকে আলাদা বিষয় হিসেবে দেখছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনা ভ্রমণসংক্রান্ত নথিপত্র নিয়ে স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে সেটি প্রত্যর্পণ প্রক্রিয়ার আওতাভুক্ত নয়।
বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।
তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ ভারতের প্রতিষ্ঠিত আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। তবে কোনো নাগরিক ভ্রমণসংক্রান্ত নথিপত্র নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে চাইলে সেটি প্রত্যর্পণ অনুরোধের চেয়ে সম্পূর্ণ আলাদা বিষয়।
চলতি সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে দুই বছরেরও বেশি সময় ধরে নির্বাসিত জীবন কাটানোর পর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। তবে বাংলাদেশ সরকার জানিয়েছে, তাঁকে দেশে ফিরিয়ে আনতে হলে প্রচলিত প্রত্যর্পণ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।
এদিকে, চলতি মাসে দেশে ফেরার লক্ষ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছর বাংলাদেশের একটি আদালত তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন।
এ অবস্থায় শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এবং বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ নিয়ে ভারতের অবস্থান নতুন করে আলোচনায় এসেছে।