শুক্রবার
২৭ নভেম্বর ২০২৬
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: গোপালগঞ্জে যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে ৫৬ প্লাটুন বিজিবি। পাশাপাশি নজরদারিতে ব্যবহার করা হচ্ছে ড্রোন ও বডি ওন ক্যামেরা।
শুক্রবার (২৭ নভেম্বর) টহল কার্যক্রম শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোপালগঞ্জ বেজ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খান।
তিনি বলেন, বিজিবি, সরকারি স্থাপনা, যানবাহন কিংবা সাধারণ মানুষের জানমালের ওপর কোনো ধরনের হামলা হলে সংশ্লিষ্ট সব বাহিনী সম্মিলিতভাবে কঠোর ব্যবস্থা নেবে। শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ এড়ানোই তাদের প্রধান লক্ষ্য।
বিজিবির এই কর্মকর্তা জানান, পুলিশ, জেলা প্রশাসন, আনসার ও এসআরবির সমন্বয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। দিনে একাধিকবার বিভিন্ন এলাকায় যৌথ টহল দেওয়া হচ্ছে। আকাশপথে ড্রোনের মাধ্যমে নজরদারির পাশাপাশি মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণে সদস্যদের বডি ওন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।
তিনি আরও বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে।
এদিকে, টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের আট নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে মামলাটি করেন। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৩ নভেম্বর অনলাইনে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।