শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


উপজেলা প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল নিক্ষেপ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এতে ব্যাংকের প্রধান ফটকে আগুন ধরে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে ব্যাংকটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিঙ্গলা এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ২ থেকে ৩ জন মুখোশধারী ব্যক্তি ব্যাংকের প্রধান ফটকে কয়েকটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ফটকে আগুন ধরে যায়। পরে ব্যাংকের নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে ফায়ার স্প্রে ব্যবহার করে তা নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে পটিয়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) কবির খান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই করেছে। ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গ্রামীণ ব্যাংকের পটিয়া এরিয়া ম্যানেজার কামরুল হাসান জানান, কয়েকজন মুখোশধারী ব্যাংকের প্রধান ফটকে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করলে সেখানে আগুন ধরে যায়। নৈশপ্রহরী দ্রুত ফায়ার স্প্রে দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। তবে এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।