শুক্রবার
২৩ আগস্ট ২০২৪
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক *

ভারত থেকে নেমে আসা পানি ও অবিরাম বৃষ্টিতে কুমিল্লায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে গেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১২টার দিকে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়ার কাছে বাঁধটির ৩০ ফুট জায়গা ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। এ ঘটনার পর আশপাশের মসজিদের মাইকে ঘোষণা করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে চলে যাওয়ার জন্য। বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জমান।
তিনি বলেন, রাত ১১টার দিকে বুড়িচংয়ের বুরবুড়িয়া এলাকায় প্রথমে একটি ছোট গর্ত দিয়ে পানি ঢুকতে শুরু করে। কিছুক্ষণ পর প্রবল স্রোতে বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করে বুড়িচং উপজেলার বাড়িঘরে। স্থানীয় লোকজন বালুর বস্তা ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু রাত ১২টার দিকে বাঁধের অন্তত ৩০ ফুট জায়গা ভেঙে লোকালয়ে পানি ঢুকতে থাকে।
এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার বলেন, বাঁধ ভেঙে যাওয়ায় ষোলনল, পীরযাত্রা পুর, সদর, ইউনিয়নসহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হচ্ছে। বাঁধ ভেঙে যাওয়ার শঙ্কায় সন্ধ্যা থেকেই লোকজনকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে এলাকায় মাইকিং করা হয়।
উল্লেখ্য-পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে গোমতীর পানি বিপৎসীমার ৯৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। কিন্তু গত দুই দিনে পানি বাড়ার হিসেব অতীতের সকল রেকর্ড ভেঙে ফেলে। বৃহস্পতিবার রাত ১০ টায় ১৩২ সেন্টিমিটার বিপৎসীমা অতিক্রম করে।