রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

২৭ সেপ্টেম্বর ২০২৪

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ঝরনায় বেড়াতে গিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু মীরসরাইয়ে

নিজস্ব প্রতিবেদক *

চট্টগ্রামের  মীরসরাইয়ে ঝরনায় বেড়াতে গিয়ে মাহবুব আলম (২৭) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টম্বর) দুপুরে উপজেলার খৈয়াছড়া ঝরনায় বেড়াতে গিয়ে উপর থেকে মাথায় পাথর পড়ে ঘটনাস্থলে নিহত হন মাহবুব।

নিহত মাহবুব আলম ঢাকার শনির আখড়া ধনিয়া নয়াপড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। মাহবুব আলম ঢাকায় ওয়ান ব্যাংকের প্রধান কার্যালয়ে রিটেল পিআরএম শাখার কর্মকর্তা ছিলেন।

মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, শুক্রবার দুপুরে খৈয়াছড়া ঝরনায় বেড়াতে এসে মাথায় পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যুর বিষয়টি জেনে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় তার লাশ উদ্ধার করি আমরা।

ব্যাংক কর্মকর্তা মৃত্যুর বিষয়ে জানতে চাইলে মীরসরাই থানার উপ-পরিদর্শক মোহাম্মদ সালেহ বলেন, খৈয়াছড়া ঝরনায় বেড়াতে এসে মাথায় পাথর পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। লাশের সুরতহালে দেখা যায় পাথরের আঘাতে তার মাথা থেতলে গেছে। নিহত ব্যাক্তির পরিবারের লোকজন এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।