চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়নে বিষপানে তানজু আক্তার (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তানজু আক্তার ২ নম্বর ওয়ার্ডের মধ্যম করলডেঙ্গা গ্রামের প্রবাসী মো.নুরুন্নবীর স্ত্রী। স্থানীয়রা জানান, তানজু আক্তারের স্বামী মো.নুরুন্নবী সংযুক্ত আরব আমিরাতের দুবাই রয়েছেন।
রাতে তানজুকে প্রবাস থেকে নুরুন্নবী মুঠোফোনে না পেয়ে পাশের বাড়ির এক বয়স্ক মহিলাকে ফোন করে জানান, তার স্ত্রী ফোন ধরছে না। ওই মহিলাসহ প্রতিবেশীরা তানজুকে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকেন।
এরপর তানজু বিষপান করেছে জানালে, মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

