রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফে বিজিবির অভিযানে বিপুল বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে আবারও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদে (বিজিবি)।

- Advertisement -

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৩টার দিকে হ্নীলা ইউনিয়নের খরের দ্বীপ এলাকায় বিশেষ অভিযানে এ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা খরের দ্বীপ এলাকায় নদীপথে বিশেষ অভিযান চালায়।

এ সময় সন্দেহজনক কিছু সশস্ত্র ব্যক্তির উপস্থিতি টের পেয়ে বিজিবি তাদের লক্ষ্য করে অগ্রসর হলে, তারা আকস্মিকভাবে দুই-তিন রাউন্ড গুলি ছুড়ে মিয়ানমারের ভেতরে নৌকাযোগে পালিয়ে যায়। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

পরে বিজিবির সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলে গভীর অনুসন্ধান চালায়। এতে নির্দিষ্ট স্থানে লুকানো অবস্থায় চারটি বিদেশি আগ্নেয়াস্ত্র, আটটি ম্যাগাজিন ও মোট ৫০৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে— দুটি জি-৩ রাইফেল, একটি এমএ ওয়ান (ভেরিয়েন্ট এমকে-২) রাইফেল এবং একটি এলএম-১৬ রাইফেল। এছাড়া ১৯৯ রাউন্ড জি-৩ রাইফেলের গুলি, ১২০ রাউন্ড এমএ ওয়ান রাইফেলের গুলি এবং ১৮৮ রাউন্ড এলএম-১৬ রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, সীমান্তবর্তী খরের দ্বীপ দীর্ঘদিন ধরেই অস্ত্র ও মাদক চোরাচালানকারীদের গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিজিবির এ ধরনের নিয়মিত অভিযান চলমান থাকায় বড় ধরনের অস্ত্র ও মাদক চালান দেশের ভেতরে প্রবেশ করতে পারছে না। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি টেকনাফ থানায় আলামত হিসেবে জমা দিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি

সর্বশেষ

এই বিভাগের আরও