বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় স্থায়ী কমিটি ও বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা এতে অংশ নেন।
উপস্থিত ছিলেন ড. আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, খাইরুল কবির খোকন, হাবিব উন নবী সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিও ঘটানো হবে।

