সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানি শুরু, দেশে বাড়ছে দাম

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ গেছে পশ্চিমবঙ্গে। এ চালানে অংশ নেয় ছয়টি রপ্তানিকারক প্রতিষ্ঠান।

- Advertisement -

সরকার এ বছর মোট ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে ৩৭ জন ব্যবসায়ীকে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে ১২ ডলার ৫০ সেন্ট, যা বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার ৫২৫ টাকা। আগামী ৫ অক্টোবরের মধ্যে এ রপ্তানি কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছে মৎস্য অধিদপ্তর।

গত বছর ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি থাকলেও রপ্তানি হয়েছিল মাত্র ৫৩২ টন। এ বছর পরিমাণ কম হলেও বাজারে প্রভাব পড়েছে বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের।

ঢাকার কারওয়ান বাজারে ইলিশ কিনতে আসা রহমত নামে এক ক্রেতা বলেন, ‘এক মাস আগে ১৪০০-১৫০০ টাকায় ইলিশ পাওয়া যেত, এখন দিতে হচ্ছে ২২০০-২৫০০ টাকা। অথচ ভারতে রপ্তানি হচ্ছে দেড় হাজার টাকায়।’

অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, ইলিশ রপ্তানির মাধ্যমে দুই দেশের বাণিজ্য ও সম্পর্ক আরও দৃঢ় হবে। রপ্তানিকারক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা রপ্তানির অনুমতি পেয়েছি। এতে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে।’

বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানায়, প্রথম চালানের ট্রাকগুলো রাত ১টার দিকে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। কাগজপত্র পরীক্ষা ও ছাড়করণ দ্রুত সম্পন্ন হলেও ভারতীয় অংশে কিছুটা দেরি হওয়ায় প্রক্রিয়া শেষ হতে রাত গড়িয়ে যায়।

বেনাপোল মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ কেন্দ্রের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা জানান, মান পরীক্ষার পর প্রথম চালানের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে ক্রেতাদের অভিযোগ, রপ্তানির কারণে স্থানীয় বাজারে ইলিশের দাম হু-হু করে বেড়ে গেছে। তবে ব্যবসায়ীদের আশা, দুর্গাপূজা উপলক্ষে এ রপ্তানি বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে।

সর্বশেষ

এই বিভাগের আরও