চট্টগ্রামের বোয়ালখালীতে উম্মে হাবিবা ইসমা (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার চরখিজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
- Advertisement -
নিহত ইসমা হাজি মো. নুরুল হক ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি চরখিজিরপুর নাম্মাইর চৌধুরী বাড়ির মোহাম্মদ ইব্রাহীমের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইসমা পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিলেন এবং সম্প্রতি কলেজে ভর্তি হয়েছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে বিয়ে দেওয়ার কথা বলায় অভিমানে শনিবার রাতে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

