বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সবার জন্যই আনন্দের উৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে যার যার ধর্মীয় উৎসব পালন করে আসছে। এটাই এ দেশের ঐতিহ্য।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নগরের মেহেদীবাগের বাসভবনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় নগরের ১১ নম্বর দক্ষিণ কাট্টালী, ১৪ নম্বর লালখান বাজার, ১৩ নম্বর খুলশী, ২৫ নম্বর রামপুর ও ২৬ নম্বর হালিশহর ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপের নেতারা উপস্থিত ছিলেন।
আমীর খসরু বলেন, “বাংলাদেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে উৎসবকে ভাগাভাগি করে নেয়। দুর্গাপূজা সবার মিলনমেলা। আমরা সবসময় সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি ৩৬টি ওয়ার্ডের পূজামণ্ডপে সার্বিক সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, শাহ আলম, মনজুর আলম, মহিলা দলের সভানেত্রী মনোরা বেগম মনি, সহ-সভাপতি জেসমিন খানম, বিএনপি নেতা মোহাম্মদ হুমায়ুন, আবু জহুর, সাইফুল আলম, মনির আহমদ, হাজী মোহাম্মদ ওমর, লালখান বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সৈয়দ ওমর ফারুক, দক্ষিণ কাট্টালী বিএনপির আহ্বায়ক মো. শফিউল্লাহ, রামপুর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. আফসার ও লালখান বাজার ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সুমন প্রমুখ।

