চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে আন্তজেলা চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভুজপুর থানা পুলিশ। চট্টগ্রাম ও কুমিল্লায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ সময় চুরির কাজে ব্যবহৃত দুটি নোহা মাইক্রোবাস, প্রায় ৬ লাখ টাকা মূল্যের দুটি ভিশন ৪৮ ভোল্ট ১০০ এএইচ ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ৩১ আগস্ট ভোরে ভুজপুর থানাধীন হেঁয়াকো বাজারে গ্রামীণফোনের একটি টাওয়ারের বিটিএস রুমের লক গার্ড ভেঙে ৪টি ব্যাটারি চুরি হয়। এর কয়েক দিন আগে একই থানার গার্ডের বাজার এলাকার আরেকটি টাওয়ার থেকে ৬টি ব্যাটারি চুরি হয়। এ ঘটনায় গ্রামীণফোন কর্তৃপক্ষ গত ৭ অক্টোবর ভুজপুর থানায় মামলা করে।
মামলার তদন্তে পুলিশ সুপার মো. মাসুদ আলম এর তত্ত্বাবধানে ভুজপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার এবং চুরির কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করা হয়। পরদিন ২৮ অক্টোবর আদালতের অনুমতিতে তাঁদের দুই দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
রিমান্ডে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ অক্টোবর কুমিল্লার লাকসাম এলাকায় অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি থেকে আরেকটি নোহা মাইক্রোবাস ও চুরি যাওয়া দুটি ব্যাটারি উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন স্থানে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ আন্তজেলা চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোহাগ (৩৪), সাহিদ হোসেন ওরফে শিবলু (৩২), মো. শামসুদ্দিন (৪১), মো. মোজাম্মেল হক (৩২), মো. ইউনুস (৪২), মো. সাইফুল ইসলাম ওরফে স্বপন (৪৪)।
চুরি যাওয়া অবশিষ্ট ব্যাটারি উদ্ধার এবং ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানানো হয়েছে।

