ভারতের রাজধানী নয়াদিল্লির ৩ শতাধিক স্কুল এবং একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি দিয়েছে ‘টেরোরাইজার্স ১১১’ নামের একটি গোষ্ঠী। রোববার স্থানীয় সময় ভোর ৬টা ৮ মিনিটে একযোগে পাঠানো ইমেইলে এই হুমকি দেওয়া হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হুমকি পাওয়া স্কুলগুলোর মধ্যে দ্বারকা এলাকার সিআরপিএফ পাবলিক স্কুল এবং কুতুব মিনার এলাকার সর্বোদয় বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
হুমকি চিঠিতে বলা হয়, “স্কুল ও বিমানবন্দর প্রশাসনকে বলছি, আমি সন্ত্রাসী গ্রুপ টেরোরাইজার্স ১১১-এর শীর্ষ নেতা। আপনাদের স্কুল ভবনে বোমা ফিট করা আছে। ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ না নিলে রক্তের বন্যা বইবে।”
নিজের পরিচয় তুলে ধরে ওই ব্যক্তি আরও লিখেছেন, “আমাকে কেউ স্পর্শ করতে পারবে না। আমি নিজেকে সীমার মধ্যে রাখতে পারি না। আমি মন্দের সন্তান, আমি ঘৃণার অর্থ।”
দিল্লি পুলিশের মুখপাত্র জানান, ইমেইল পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ, ফায়ার সার্ভিস ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। সব স্কুলেই তল্লাশি চালানো হয়। তবে কোথাও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
সম্প্রতি দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি মেইল এসেছে। মাত্র এক সপ্তাহ আগে ডিপিএস দ্বারকা ও কৃষ্ণা মডেল পাবলিক স্কুলসহ কয়েকটি প্রতিষ্ঠানে একই ধরনের মেইল পাঠানো হয়েছিল। সেবারও কিছু মেলেনি।

