রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

পাচারকারীরা সব বুদ্ধি জানে, তবে ফেরত আসবে অর্থ: অর্থ উপদেষ্টা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিদেশে পাচার হওয়া অর্থের একটি অংশ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই দেশে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে।

- Advertisement -

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, “পাচারকারীরা সব বুদ্ধি জানেন। এটা আনতে গেলে কিছুটা সময়ের প্রয়োজন। তবে কিছুটা অগ্রগতি হয়েছে। অনেক আইনি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হচ্ছে। ফেব্রুয়ারির মধ্যে কিছু অর্থ আসতে পারে। বাকি অর্থের জন্য আমরা ক্ষেত্র প্রস্তুত করছি।”

অর্থ উপদেষ্টা আরও বলেন, অর্থ ফেরত আনার আনুষ্ঠানিকতা কোনো সরকার এড়িয়ে যেতে পারবে না। শুধু সুইস ব্যাংকে বলে দিলেই তারা টাকা ফেরত দেবে না। এজন্য আইনি প্রক্রিয়া মেনে চলতে হবে।

এ প্রসঙ্গে তিনি জানান, প্রায় ১১-১২টি মামলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া ২০০ কোটি টাকার বেশি অর্থ পাচারের যেসব কেস রয়েছে, সেগুলোকেও নজরদারিতে আনা হয়েছে।

নতুন সরকার এ উদ্যোগ অব্যাহত রাখবে কি না—এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন বলেন, “তারা রাখতে বাধ্য। কারণ, যে প্রক্রিয়া আমরা শুরু করব তা না চালালে অর্থ ফেরত আনা সম্ভব হবে না। আন্তর্জাতিকভাবে এটাই প্রচলিত নিয়ম।”

তিনি আরও জানান, ইতিমধ্যে কিছু সম্পদ জব্দ করা হয়েছে। পাচারকারীদের অর্থ, হিসাব ও পাসপোর্ট কোন কোন দেশে আছে সেই তথ্যও হাতে এসেছে। এখন প্রক্রিয়া অনুযায়ী সময় নিয়ে অর্থ ফিরিয়ে আনা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও