নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে—এমন অভিযোগ তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “চাপিয়ে দেওয়া কোনো কিছুই এই দেশের মানুষ গ্রহণ করে না।”
রবিবার (১২ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভার সভাপতিত্ব করেন জোটের প্রধান সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ।
মির্জা ফখরুল বলেন, “পিআর পদ্ধতি কোনো সংস্কার কমিশনের প্রস্তাব নয়—এটা এসেছে কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে। জনগণ পিআর পদ্ধতি চায় না, তারা সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করতে চায়।”
তিনি আরও বলেন, “বিএনপি সব সময় সংস্কারের পক্ষে ছিল। বিএনপি নিজেই সংস্কার আন্দোলনের ফল। এখন কেউ কেউ প্রচার করছে আমরা সংস্কার চাই না—এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর।”
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “সামনে কঠিন পরীক্ষা। এই সময় মানুষকে খুব সতর্ক থাকতে হবে। কোনো খবর বিশ্বাস করার আগে সত্য-মিথ্যা যাচাই করতে হবে।”
তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে বিএনপিকে ঘিরে বিভ্রান্তি ছড়াচ্ছে। মির্জা ফখরুল জোর দিয়ে বলেন, “আমরা চাই ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হোক। জনগণ এখনই ভোট চায়, পরিবর্তন চায়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই সুযোগ হারানো যাবে না।”

