রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জেন-জির দাবানলে পুড়ছে মাদাগাস্কার — পালালেন প্রেসিডেন্ট!

আন্তর্জাতিক ডেস্ক

মাদাগাস্কারে তীব্র বিক্ষোভ ও সেনাবাহিনীর বিভক্তির মুখে প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজুয়েলিনা সামরিক বিমানে করে দেশ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

- Advertisement -

ফরাসি রেডিও আরএফআই জানায়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে এক চুক্তির পর রাজুয়েলিনাকে ফরাসি সামরিক বিমানে করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়।

বিরোধীদলীয় নেতা সিতেনি র‍্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো রয়টার্সকে বলেন, “প্রেসিডেন্ট দেশ ছেড়ে চলে গেছেন। প্রেসিডেন্সি কর্মীরা আমাদের নিশ্চিত করেছেন যে তিনি আর দেশে নেই।”

রাজুয়েলিনার বর্তমান অবস্থান অজানা। সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ইউনিট তার প্রতি সমর্থন প্রত্যাহার করায় তিনি ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছিলেন। ওই ইউনিটটি হাজারো জেন-জি তরুণদের সঙ্গে দুর্নীতি ও দারিদ্র্যের বিরুদ্ধে এবং তার পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেয়।

২৫ সেপ্টেম্বর খাবার, পানি ও বিদ্যুতের সংকট ঘিরে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত দুর্নীতি ও অদক্ষ প্রশাসনের বিরুদ্ধে এক সর্বজনীন বিদ্রোহে পরিণত হয়।

রাজুয়েলিনা রোববার সতর্ক করে বলেন, “দেশে ক্ষমতা দখলের চেষ্টা চলছে।”

এই বক্তব্য আসে সেনাবাহিনীর ক্যাপস্যাট ইউনিটের সমর্থন হারানোর পর—যে ইউনিটটি ২০০৯ সালের অভ্যুত্থানে রাজুয়েলিনাকে ক্ষমতায় আনতে সহায়তা করেছিল।

সপ্তাহান্তে ক্যাপস্যাট ঘোষণা করে, তারা এখন সেনাবাহিনীর দায়িত্বভার গ্রহণ করছে এবং নতুন সেনাপ্রধান নিয়োগ দিয়েছে। বিক্ষোভে সমর্থন জানানো জেন্ডারমেরি বাহিনীর একটি অংশও সোমবার বাহিনীর নিয়ন্ত্রণ নেয়।

এদিকে সেনেটের সভাপতিকেও পদ থেকে সরিয়ে দিয়ে জ্যাঁ আন্দ্রে ন্দ্রেমাঞ্জারিকে নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের অনুপস্থিতিতে তিনিই এখন অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন।

সূত্র: রয়টার্স

সর্বশেষ

এই বিভাগের আরও