সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

“বাজারে গেলেই ভয় লাগে”—চট্টগ্রামে গৃহিণীদের হাহাকার

রোজী চৌধুরী

চট্টগ্রামসহ দেশের বাজারে আবারও বাড়ছে নিত্যপণ্যের দাম। ভোজ্যতেল, ডিম ও সবজির দামে অস্থিরতা দেখা দিয়েছে। খুচরা পর্যায়ে সয়াবিন ও পামঅয়েলের দাম লিটারে ২ টাকা বেড়েছে, ডিমের দামও ডজনপ্রতি বেড়েছে ৮ থেকে ১০ টাকা। অন্যদিকে সবজির বাজারেও চড়া দর অব্যাহত।

- Advertisement -

শুক্রবার নগরীর রিয়াজউদ্দিন বাজার, চকবাজার, দামপাড়া ও আন্দরকিল্লা এলাকার খুচরা বাজার ঘুরে দেখা যায়—বোতলজাত সয়াবিনের লিটারপ্রতি দাম ১৯৫ টাকা, পাঁচ লিটারের বোতল ৯৩০ টাকায় বিক্রি হচ্ছে। পামঅয়েল লিটারপ্রতি ১৬০ থেকে ১৬২ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে দাম কিছুটা বাড়ায় খুচরা পর্যায়ে তার প্রভাব পড়েছে।

চট্টগ্রামের খাতুনগঞ্জ ও আন্দরকিল্লা আড়তে ফার্মের ডিমের দামও বেড়েছে। বাদামি ডিম ডজনপ্রতি ১৪৮ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমে যাওয়ায় ডিমের চাহিদা বেড়েছে। ফলে দামও বেড়েছে।

চট্টগ্রাম ডিম ব্যবসায়ী সমিতির সদস্য মো. জসিম উদ্দিন বলেন, “সবজির দাম বেশি থাকায় সাধারণ মানুষ এখন বিকল্প প্রোটিন হিসেবে ডিম কিনছে। ফলে চাহিদা বাড়ায় দামও বেড়েছে।”

অন্যদিকে স্থানীয় খামারিরা বলছেন, বাজার নিয়ন্ত্রণে তাদের কোনো ভূমিকা নেই; দাম নির্ধারণ হয় আড়তদারদের মাধ্যমে।

চট্টগ্রাম নগরের বিভিন্ন বাজারে সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি। প্রতি কেজি পটোল বিক্রি হচ্ছে ৮০ টাকায় (এক সপ্তাহ আগেও ছিল ৬০ টাকা)। বেগুন ১০০ থেকে ১৬০, করলা ৮০, কাঁকরোল ৯০, বরবটি ৮০, ঢেঁড়শ ৭৫, মুলা ৬০, ঝিঙে-চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। শীতের নতুন সবজিও উঠেছে বাজারে, তবে দাম চড়া। এক কেজি শিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়, ফুলকপি ও বাঁধাকপি ৬০ থেকে ৭০ টাকায়।

চট্টগ্রামের বহদ্দারহাট বাজারের সবজি বিক্রেতা কামাল উদ্দিন বলেন, “বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় পাইকারি বাজারেই দাম বেড়েছে। ফলে খুচরাতেও তা বাড়ছে।”

চট্টগ্রামের আড়তে চাষের মাছের দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও নদীর মাছের দাম চড়া। বোয়াল কেজিপ্রতি ৮০০ টাকায়, কোরাল ৯০০ টাকায়, পাবদা ৫০০ টাকায়, শিং ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে তেলাপিয়া, রুই, কাতল ও পাঙাশে তেমন পরিবর্তন হয়নি; বিক্রি হচ্ছে ২০০ থেকে ৪৫০ টাকায়।

চট্টগ্রামের গৃহিণীরা বলছেন, বাজারে গিয়ে প্রতিদিন নতুন দামের মুখে পড়তে হচ্ছে। বহদ্দারহাটের গৃহিণী সুলতানা আক্তার বলেন, “তেল-ডিম থেকে শুরু করে সবজির দাম—সবকিছুতেই চাপ। আগের বাজেটে বাজার করা এখন সম্ভব হচ্ছে না।”

নিত্যপণ্যের বাজারে নতুন করে স্থিতি ফেরাতে ব্যবসায়ী ও ভোক্তা—দু’পক্ষই সরকারের কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও