রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

লুডুর হিসাব মেলেনি, শেষ হলো প্রাণে—ব্রাহ্মণবাড়িয়ায় রক্তাক্ত সংঘর্ষ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে লুডু খেলাকে কেন্দ্র করে পুরনো বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নাসিরউদ্দিন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় চারটি বসতঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

- Advertisement -

শনিবার (২৫ অক্টোবর) ভোর ৫টার দিকে হারুন চেয়ারম্যান গ্রুপ ও ইকবাল–আনিছ মেম্বার–সাচ্চু গ্রুপের মধ্যে দফায় দফায় এই সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় দুপক্ষের লোকজন মাথায় হেলমেট, গায়ে লাইফ জ্যাকেট পরে এবং হাতে দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, “সংঘর্ষে গুরুতর আহত নাসিরউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে এই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও লুডু খেলাকে কেন্দ্র করে গত রমজান মাসে পীরবাড়ি এলাকার জুয়েল ও খালপাড় এলাকার হাদিস মিয়ার মধ্যে ঝগড়া হয়। ওই ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছিলেন।

পরে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিরোধ মীমাংসা হয়। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী, হাদিস মিয়াকে জরিমানা বাবদ জুয়েলকে এক লাখ ২০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু টাকা পরিশোধ না করায় আজ ভোরে পুনরায় সংঘর্ষ বাঁধে।

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও