হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দেশ থেকে বিশেষজ্ঞ দল তদন্তে অংশ নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অগ্নিকাণ্ডের মূল কারণ বৈজ্ঞানিকভাবে অনুসন্ধানের জন্য ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা শিগগিরই এসে ঘটনাস্থল পরিদর্শন করবেন ও নমুনা সংগ্রহ করবেন।”
তিনি আরও বলেন, “কার্গো ভিলেজে বিপুল পরিমাণ দাহ্য কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে দাহ্য পদার্থের আধিক্য এবং বাতাসের কারণে নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।”
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিমানবন্দরের নিজস্ব চারটি ইউনিট ছিল, আমরা আশা করেছিলাম তাদের উদ্যোগেই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসবে। কিন্তু পরিস্থিতি জটিল হওয়ায় ফায়ার সার্ভিসের অতিরিক্ত ইউনিট যুক্ত করতে হয়েছে।”
তিনি জানান, অগ্নিকাণ্ডে কোনো অব্যবস্থাপনা বা অবহেলা হয়ে থাকলে তাও তদন্তে উঠে আসবে। “বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করবে—আগুনের উৎস কোথায়, কেমনভাবে ছড়িয়েছে, এবং কেউ দায়ী কি না তা তারা নির্ণয় করবেন,” যোগ করেন তিনি।
গত সপ্তাহে কার্গো ভিলেজে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে শতাধিক কার্গো প্যাকেজ ও বিভিন্ন কুরিয়ার কোম্পানির পণ্য সম্পূর্ণ পুড়ে যায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিট কয়েক ঘণ্টা ধরে কাজ করে।
এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা, রাসায়নিক সংরক্ষণ ও জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

