রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বাকলিয়ায় রাজনৈতিক সহিংসতা, প্রাণ গেল যুবদল কর্মীর—৮ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় যুবদল কর্মী মো. সাজ্জাদ (২২) হত্যা মামলায় এক রাতের অভিযানে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ছয়জন এজাহারনামীয় ও দুজন এজাহার বহির্ভূত আসামি

- Advertisement -

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে মামলা হওয়ার পরপরই বাকলিয়া থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, “নিহত সাজ্জাদের বাবা মো. আলম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ আরও ৪৫ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা করেছেন। মামলার পরপরই আমরা অভিযান শুরু করি। আটজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে।”

গ্রেপ্তার আসামিদের মধ্যে এজাহারনামীয়রা হলেন—সবুজ ইসলাম মিরাজ (২৪), সাইদুল ইসলাম (২০), এমরান হোসেন সাগর (৩০), জিহান (২৩), আমজিদুল ইসলাম সাজু (৪৭) ও মোহাম্মদ আরাফাত (২২)। এছাড়া এজাহার বহির্ভূত আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন মো. ওসমান (২৮) ও দিদারুল আলম চৌধুরী রাসেল (৪২)।

পুলিশ জানায়, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে বাকলিয়া থানার এক্সেস রোড সংলগ্ন মদিনা আবাসিক এলাকার সামনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার টানানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন যুবদল কর্মী সাজ্জাদ। গুলিতে আহত হন অন্তত ১৪ জন।

এ ঘটনায় নিহতের বাবা মো. আলম (৫৭) বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন (মামলা নং-৩০, ধারা ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড)।

ওসি ইখতিয়ার উদ্দিন আরও জানান, অভিযানে থানা পুলিশ ও ডিবির কয়েকটি টিম অংশ নেয়। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও