জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া দেশে কোনো নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের আগে নির্বাচনের কথা বলা অর্থহীন। বিচার সংস্কার ও জুলাই সনদের রোডম্যাপ দিয়েই নির্বাচনের পথে যেতে হবে। দেশে এখন প্রয়োজন একটি নির্বাচিত সরকার, স্থিতিশীলতা ও জনগণের আস্থা।”
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রংপুর পর্যটন মোটেলে বিভাগের জেলা ও মহানগর আহ্বায়ক কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “সংস্কার ও বিচার নিয়ে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটি উপেক্ষা করে নির্বাচনে গেলে তা টেকসই হবে না। সংস্কারের পথে বাধা দিলে সরকারকে জনগণের মুখোমুখি হতে হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন জনগণ ও রাজনৈতিক দলের আস্থা হারাচ্ছে। কমিশন পুনর্গঠন জরুরি। ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হলে এখনই সিদ্ধান্ত নিতে হবে।”
আগামী নির্বাচনে জোট নিয়ে তিনি বলেন, “এনসিপি এককভাবে সাংগঠনিক ও নির্বাচনী প্রস্তুতি নিয়েছে। আমরা কারও মুখাপেক্ষী নই, তবে দেশের বৃহত্তর স্বার্থে সমঝোতা হলে আমরা উন্মুক্ত।”
একই অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদসহ রংপুর বিভাগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য না থাকলে এককভাবে কেউ সরকার গঠন করলেও তা টিকিয়ে রাখা সম্ভব হবে না।”

