জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি জন্ম নিয়েছে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে, আর এর অবসান হবে ‘না’ ভোটের মাধ্যমে।
বৃহস্পতিবার নাগরিক ঐক্য আয়োজিত ‘রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সংস্কার কমিশনকে ভিন্ন খাতে পরিচালনা করতে চেয়েছে। তবে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের বিষয়ে কোনো ছাড় নেই।
তিনি আরও বলেন, জুলাই সনদের প্রস্তাবনার পথে সরকারকে এগোতে হবে। “জুলাই সনদে ‘বিবেচনা করবে’ বা ‘হবে’ টাইপ কথার স্পষ্ট ব্যাখ্যা চাই। কাবিননামায় সাইন করেছে বিএনপি, ‘হ্যাঁ’ বলেছে জুলাই সনদে, তাদের ‘না’ বলার সুযোগ নেই।”
ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না দিলে এর দায় অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে, উল্লেখ করে পাটওয়ারী বলেন, “উপদেষ্টাদের অনেক সময় হয়েছে ফ্যামিলি টাইমিংয়ে, এখন কেবল সার্ভিস দিতে হবে। আইন উপদেষ্টার ওপরে আমাদের আস্থা নেই। প্রধান উপদেষ্টাকে শহীদ মিনারে গিয়ে মানুষের মাঝে সংস্কার আদেশ জারি করতে হবে।”

