সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে স্বপ্নভাঙা মৃত্যু—বিদেশ যাওয়ার আগে ঝরে গেল দুই তরুণ

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসদরের ধুমঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন মোটরসাইকেল আরোহী।

- Advertisement -

নিহতরা হলেন জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার বাবুল মিয়ার ছেলে মো. রাসেল উদ্দিন (২৮) ও একই এলাকার মো. শাহিন আলম (২৫)। আহত বিএসআরএম গাড়িচালক মো. ইউসুফ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে ঢাকামুখী একটি অজ্ঞাতনামা বাস জোরারগঞ্জ রাস্তার মাথা এলাকায় একটি মোটরসাইকেলকে চাপ দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা ক্ষিপ্ত হয়ে বাসটিকে ধাওয়া করে ধুম এলাকায় ওভারটেক করার চেষ্টা করেন।

এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই রাসেল উদ্দিন মারা যান। স্থানীয়রা আহত শাহিন আলম ও ইউসুফকে উদ্ধার করে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে নেন। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নেওয়ার পথে শাহিন আলমের মৃত্যু হয়।

স্থানীয় সমাজকর্মী আরিফুল ইসলাম ইমন জানান, নিহত শাহিন আলম ছোটবেলায় মা-বাবাকে হারান। চাচার পরিবারের আদরে বড় হয়ে সম্প্রতি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মৃত্যুর আগে পাসপোর্ট তৈরির কাজ শেষ করেছিলেন তিনি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও