ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে যথারীতি আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলা। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পরপরই বইমেলার সময়সূচিও চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বাংলা একাডেমি।
রোববার (২ নভেম্বর) বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে অমর একুশে বইমেলা–২০২৬ আয়োজনের সময় নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সমিতির পক্ষ থেকে কয়েকটি সম্ভাব্য সময়ের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি রাষ্ট্রের নিরাপত্তাবিষয়ক সংস্থার পরামর্শও পর্যালোচনা করা হয়।
বৈঠক শেষে জানানো হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই বইমেলা আয়োজন করাই সর্বাধিক বাস্তবসম্মত।
বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়, অমর একুশে বইমেলা–২০২৬ আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। নির্বাচনের তারিখ নির্ধারণ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মেলার সময়সূচি ঘোষণা করা হবে।
সভায় আরও জানানো হয়, বইমেলা আয়োজনের বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলা একাডেমি।

