রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

“পরিবর্তনের পথে বাংলাদেশ”—প্রধান উপদেষ্টার বার্তা কানাডা প্রতিনিধিদের

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে কানাডার একটি সংসদীয় প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। বুধবার (১২ নভেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সিনেটর সালমা আতাউল্লাহজানের নেতৃত্বে সাত সদস্যের এই প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। আলোচনায় উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার নিয়ে কথা বলেন।

প্রধান উপদেষ্টা জানান, “বাংলাদেশ এখন পরিবর্তনের পথে। যুবসমাজের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানের পর আমরা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত।”

তিনি রোহিঙ্গা সংকট বিষয়ে বলেন, “প্রায় আট বছর ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। তাদের নাগরিকত্ব বা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এখন আর্থিক সংকোচনের কারণে সংকট আরও জটিল হচ্ছে। তাদের নিজ দেশে ফেরত যাওয়া ছাড়া কোনো কার্যকর সমাধান নেই।”

সিনেটর সালমা আতাউল্লাহজান রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এবং কানাডার পক্ষ থেকে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য সালমা জাহিদ, সামির জুবেরি, মাহমুদা খান, হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই)-এর গ্লোবাল সিইও মাসুম মাহবুবসহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্য।

সামির জুবেরি বলেন, “বাংলাদেশ ও কানাডার সম্পর্ক দৃঢ় ও সম্ভাবনাময়। আমরা বাণিজ্য বৈচিত্র্য ও বিনিয়োগ সম্প্রসারণে একসঙ্গে কাজ করতে চাই।”

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও