বহুল আলোচিত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সেদিনই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে।
ভাষণটি সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড।
প্রধান উপদেষ্টা জানান, গণভোটে চারটি বিষয়ে এক প্রশ্নে “হ্যাঁ” বা “না” ভোট নেওয়া হবে। এর আগে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন তাদের সুপারিশ জমা দেয় ২৭ অক্টোবর।
তবে গণভোটে আপত্তির (নোট অব ডিসেন্ট) বিষয় না থাকায় বিএনপি, জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দল বিপরীত অবস্থানে রয়েছে। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারায় সরকার নিজ সিদ্ধান্তে গণভোটের আয়োজনের সিদ্ধান্ত নেয়।
এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভোট সংক্রান্ত আদেশ চূড়ান্ত করা হয়। ইতিমধ্যে এই আদেশে সই করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
উল্লেখ্য, ঐকমত্য কমিশনের দুটি বিকল্প সুপারিশের একটিতে বলা হয়েছিল— সনদের সংবিধান-সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে গণভোট আয়োজনের। গণভোটে প্রস্তাব পাস হলে আগামী সংসদ ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবে।
রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত না হলেও সরকার জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত করে সামনে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

