রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

“ইউনূস নিজেই তাঁর সনদ ভেঙেছেন”—বলেন সালাহউদ্দিন আহমদ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিজের স্বাক্ষর করা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

- Advertisement -

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে ভাষণের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি গণমাধ্যমকে এ কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, “গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিলেন, আজকের ভাষণের মাধ্যমে তিনি সেটি লঙ্ঘন করেছেন।”

প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি ব্যাখ্যা করেন। তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট। দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের অনুমোদন লাগবে বলেও উল্লেখ করেন তিনি।

এই প্রসঙ্গে বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, “জাতীয় সংসদের উচ্চকক্ষের প্রস্তাবটি জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় ‘নোট অব ডিসেন্ট’-এর মাধ্যমে মীমাংসিত হয়েছিল। এখন সেটি নতুন করে আরোপ করার কোনো সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে যে নতুন সংস্থা গঠনের কথা বলা হয়েছে, সেটি জাতীয় সংসদের কোনো পর্যায়ের আলোচনায় ছিল না—এটি সম্পূর্ণ নতুন ধারণা।”

সালাহউদ্দিন আহমদ জানান, প্রধান উপদেষ্টার ভাষণের ওপর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। এ বিষয়ে আলোচনার জন্য রাতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও