সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে গ্রামীণ ব্যাংক শাখায় গভীর রাতে পেট্রলবোমা হামলা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাত ২টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোবা বাজার এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের মাওনা শাখায় এ হামলা চালানো হয়।

- Advertisement -

শাখার ব্যবস্থাপক রেহানা পারভিন জানান, রাতে নিরাপত্তাপ্রহরী ব্যাংকের ভেতরেই দায়িত্ব পালন করছিলেন। এ সময় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি প্রধান ফটক খোলার চেষ্টা করলে তিনি বিকট শব্দ শুনে বাইরে তাকান। তখন ৭–৮ জনকে দৌড়ে পালাতে দেখেন। এরপর হামলাকারীরা তিনটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায়।

এর মধ্যে একটি ব্যাংকের সীমানার মধ্যে এসে পড়ে এবং ব্যাংক ভবনের বাইরের সাইনবোর্ডের একটি অংশ পুড়ে যায়। এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, আকস্মিক বিস্ফোরণের শব্দে তারা বাইরে ছুটে আসেন এবং আশপাশ এলাকায় পেট্রলের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে।

গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক আবদুর রাজ্জাক বলেন, “ভেতরে কোনো ক্ষতি হয়নি, তবে বাইরে সাইনবোর্ড আংশিক পুড়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, তারা থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছেন।”

শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক জানান, পুলিশের টহল জোরদার থাকায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। ঘটনাস্থল থেকে পেট্রলবোমা তৈরির ব্যবহৃত বোতল উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও