আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন।
রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের মাধ্যমে এই আহ্বান জানান।
সিইসি বলেন, “নিরাপদ নির্বাচনী পরিবেশ এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সব দলের সহযোগিতা জরুরি। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য কমিশন রাজনৈতিক দলের পরামর্শ গ্রহণ করবে।” তিনি আরও বলেন, “নির্বাচনী আচরণবিধি সুষ্ঠুভাবে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব শিগগিরই নির্বাচনের মুখোমুখি হবো।”
সংলাপে সকাল থেকে দুপুর পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি- বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে।
বিকেলেও আরও ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এর আগে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে ইসি। আজ দ্বিতীয় দিনে সংলাপের মাধ্যমে নির্বাচনের গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতার জন্য সকলের সহযোগিতা চাওয়া হচ্ছে।

