রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মিঠামইনে উত্তেজনা ছড়ালো—আবদুল হামিদের বাড়িতে আকস্মিক হামলা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই গণ–অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণার পর উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দমিছিল বের হয়।

মিছিলটি মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামের দিকে যাওয়ার সময় ২০-৩০ জনের একটি দল মিছিল থেকে বিচ্ছিন্ন হয়ে সাবেক রাষ্ট্রপতির বাড়িতে ঢুকে হামলা চালায়।

এসময় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জানালা, চেয়ার, আলমারি, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়। ঘটনার সময় বাড়িটিতে কেউ উপস্থিত ছিলেন না।

মিঠামইন থানার ওসি আলমগীর কবির জানান, রাত ১১টার দিকে হঠাৎ বাড়িটিতে হামলা করা হয়। বসতঘরের দরজা-জানালা, আসবাবপত্র ও কয়েকটি ছবি ভাঙচুর করা হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাড়ির আশপাশে টহল জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ঘটনার তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও