পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি (এফসি) সদর দপ্তরে সোমবার আত্মঘাতী ও সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে তিনজন এফসি সদস্য শহীদ এবং পাঁচজন আহত হন। নিরাপত্তা বাহিনীর পাল্টা মোকাবিলায় তিনজন হামলাকারীও নিহত হয়।
পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ড. মিয়ান সাঈদ আহমাদ জানান, তিনজন আত্মঘাতী হামলাকারী সদর দপ্তরে প্রবেশের চেষ্টা করেছিল। একজন মূল গেটে বিস্ফোরণ ঘটায়, বাকি দুইজন ভেতরে ঢুকে পড়ে। এফসি সদস্যরা দ্রুত প্রতিরোধ গড়ে তুলে তাদের ঘটনাস্থলেই হত্যা করে।
তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ার কারণে বড় ধরনের ধ্বংসযজ্ঞ এড়ানো গেছে। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এবং বিস্তৃত তল্লাশি অভিযান চলছে।
এফসির ডেপুটি কমান্ড্যান্ট জাভেদ ইকবালও তিন হামলাকারীর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক বছরগুলোতে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা বেড়ে গেছে। গত সেপ্টেম্বর বান্নু জেলায় একই ধরনের হামলার চেষ্টা নস্যাৎ করতে গিয়ে ছয়জন সৈন্য নিহত হন।
পাকিস্তান সেনাবাহিনীর দাবি, সাম্প্রতিক এসব হামলা ‘ইন্ডিয়ান প্রক্সি ফিতনা–আল–খাওয়ারিজ’ নামের টিটিপি–সংশ্লিষ্ট একটি গোষ্ঠী চালাচ্ছে।

