চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈমুল ইসলাম (২৭) নামের এক যুবক নিহত হয়েছে।
আজ বুধবার (২৬ নভেম্বর) উপজেলার বারইয়ারহাট পৌরবাজারের উত্তর ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈমুল ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের দৌলতপুর এলাকার আমানুল্লাহর ছেলে।
জানা গেছে, বুধবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বাজারের উত্তর পাশের ইউটার্ণে মোটরসাইকেল আরোহী নাঈমুল দুর্ঘটনার শিকার হন। এসময় তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যায়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাজু সিংহ বলেন, ‘বুধবার বিকেলে সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে নিয়ে আসে স্থানীয় লোকজন। পরীক্ষার পর দেখা যায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহত যুবকের মাথায় ও হাতে জখম ছিলো।’
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, বারইয়ারহাট পৌরবাজারের উত্তর ইউটার্নে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে থানা আনা হয়েছে।
নিহত যুবকের পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। তারা আসলে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

