মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়েই প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হতে পারে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি মন্তব্য করেছিলেন। তবে তাকে প্রথমে প্রত্যর্পণ করা হবে—এ ধরনের কোনো আনুষ্ঠানিক তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে তিনি এ মন্তব্য করেন।
তৌহিদ হোসেন বলেন, “আসাদুজ্জামান খান কামালের বিষয়ে অফিসিয়াল কোনো তথ্য আমার কাছে নেই। তিনি ভারতে আছেন—এটা সবাই জানে, কিন্তু লিখিতভাবে কখনো আমাদের জানানো হয়নি। তাকে দিয়ে প্রত্যর্পণ শুরু হবে—এমনও কোনো তথ্য নেই।”
গত শুক্রবার (২৮ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দাবি করেন, ভারত খুব শিগগিরই কামালকে বাংলাদেশে প্রত্যর্পণ করবে। তার ইঙ্গিত—প্রত্যর্পণ প্রক্রিয়ার শুরু হতে পারে কামালকে দিয়ে; এরপর শেখ হাসিনা বা অন্যান্য আওয়ামী লীগ নেতাদের পাঠানো হতে পারে।
১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। পরে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক চিঠি পাঠায়।
এর আগে গত বছরের ডিসেম্বরেও শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ।

