রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবরে হাসপাতালে জামায়াত আমির

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সংকটজনক শারীরিক অবস্থার খবর পাওয়ার পর দীর্ঘদিন দূর থেকে দোয়া করলেও শেষ পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে ছুটে এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

- Advertisement -

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার পর হাসপাতালে পৌঁছান জামায়াত আমির। পরে পৌনে ১১টার দিকে তিনি সাংবাদিকদের জানান, “আজকে আর কোনোভাবে মনকে বুঝাতে পারিনি, এজন্যই আসলাম। আমি উনাকে দেখে এসেছি।”

ডা. শফিকুর রহমান জানান, বর্তমানে খালেদা জিয়ার ডায়ালাইসিস চলছে এবং তিনি ডিপ সিডেশনে আছেন। তিনি বলেন, “সারা দুনিয়ার মানুষের সঙ্গে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা উনাকে সুস্থতার নিয়ামত দান করুন।”

তিনি আরও জানান, এভারকেয়ার হাসপাতালে এর আগেও খালেদা জিয়াকে দেখা হয়েছিল, কিন্তু এবারের পরিস্থিতি আগের তুলনায় বেশি সংকটজনক। নিজের দীর্ঘদিন ধরে হাসপাতাল না যাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমি ধৈর্য ধরছিলাম, বাহির থেকে দোয়া করছিলাম। মনে হচ্ছিল এখানে এসে ডিস্টার্ব না করি।”

ডা. শফিকুর রহমান বিএনপির পক্ষ থেকে দেওয়া আহ্বানকেও স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আহ্বান জানিয়েছিলেন, দোয়া করুন, এসে ভিড় করবেন না। এতে উনার চিকিৎসা বিঘ্নিত হয় এবং অন্য রোগীদেরও সমস্যা হয়।”

শেষে তিনি বলেন, “আমি দু’চোখে একটু দেখে আসতে পেরেছি, এটাই আমার সান্ত্বনা। আশা করি উনি সুস্থ হয়ে ফিরে আসবেন এবং জাতির খেদমতে বাকি জীবন কাটাতে পারবেন।”

সর্বশেষ

এই বিভাগের আরও