সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচন সামনে, এনসিপি একক পথে—জোটে না যাওয়ার ঘোষণা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নির্বাচন কমিশন (ইসি) বিবেচনায় নিতে পারে। তবে কোনো বিশেষ রাজনৈতিক দলের কারণে নির্বাচন প্রক্রিয়া থেমে থাকা উচিত নয়।

- Advertisement -

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে এনসিপি আয়োজিত ‘বাংলাদেশের বিনিয়োগ ভবিষ্যৎ’ শীর্ষক পলিসি ডায়ালগ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা বলেছি নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু করুক। কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য নির্বাচন থামা ঠিক নয়। খালেদা জিয়া অসুস্থ—এ বিষয়ে আমাদের সহানুভূতি আছে, তাই বিবেচনায় নেওয়ার অনুরোধ করেছি। কিন্তু নির্বাচন নির্বাচনের সময়েই হওয়া উচিত।”

তিনি আরও বলেন, একটি গুরুত্বপূর্ণ দলের প্রধান অসুস্থ—তা ইসিকে বিবেচনায় নিয়ে নির্বাচন তফসিল ঘোষণা করা উচিত, যাতে তফসিল ঘোষণার পর নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে শুরু করা যায়।

তফসিলের সময় নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, এটি নির্বাচন কমিশন সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করবে।

জোট ও সমঝোতার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, “এনসিপি এখন পর্যন্ত কারও সঙ্গে প্রকাশ্য বা অপ্রকাশ্য কোনো সমঝোতায় যায়নি। আমাদের নিয়ে অনেক অপতথ্য ছড়ানো হয়েছে। আমরা এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। নতুন নেতৃত্ব ও নতুন ধারার রাজনীতি নিয়ে আমরা এগোতে চাই।”

তিনি আরও উল্লেখ করেন, জনগণ নতুন সম্ভাবনার নেতৃত্ব দেখতে চায় এবং এনসিপি সেই ধারার রাজনীতিতে বিশ্বাসী—যেখানে গণতন্ত্র, অর্থনৈতিক ন্যায় ও সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাচ্ছে।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও