সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ত্রয়োদশ জাতীয় নির্বাচন—তফসিল ঘোষণা ঘনিয়ে, ইসির গুরুত্বপূর্ণ সভা চলছে

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে নির্বাচন কমিশনের (ইসি) সভা শুরু হয়েছে। রোববার সকাল পৌনে ১১টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়।

- Advertisement -

এর আগে নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা এবং আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছে কমিশন। প্রচলিত নিয়ম অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে সার্বিক প্রস্তুতির প্রতিবেদন জমা দেবে ইসি। এরপর সিইসি তফসিল ঘোষণা করবেন বলে জানা গেছে।

সূত্র জানায়, আজকের সভায় আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে— গণভোট ও জাতীয় নির্বাচন প্রস্তুতির অগ্রগতি, তফসিলের আগে-পরে করণীয়, মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়, রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত সিদ্ধান্ত, এনআইডি সংশোধন ও এসওপি চূড়ান্তকরণ, মহড়া ভোটের অভিজ্ঞতা অনুযায়ী কেন্দ্র ব্যবস্থাপনা, পার্সোনালাইজেশন সেন্টারের ৯টি মেশিন আইডিইএ প্রকল্পে হস্তান্তর, বিএমটিএফের স্থগিত বিল নিষ্পত্তি ও স্মার্ট কার্ডে ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা মুদ্রণের সিদ্ধান্তসহ বেশ কিছু নীতিগত ইস্যু।

সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত আছেন।

উল্লেখ্য, গত নভেম্বর নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে নির্বাচন প্রস্তুতি জোরদার হয়েছে। জাতীয় নির্বাচনের সঙ্গে একইসঙ্গে গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়ায় নির্বাচন কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়েছে।

প্রথমবারের মতো প্রবাসীদের জন্য পোস্টাল ভোটিং পদ্ধতিও চালু হচ্ছে, যা নির্বাচনী ব্যবস্থায় নতুন অভিজ্ঞতা যোগ করবে। প্রধান উপদেষ্টা আগেই জানিয়েছেন, ভোট ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে।

বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে অর্ধশতাধিক। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি এবার ভোটের বাইরে থাকবে।

সর্বশেষ

এই বিভাগের আরও