“সকলের দোয়ায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমার এ নতুন জীবন আপনাদের জন্য উৎসর্গ করলাম।”— দীর্ঘ এক মাস পর চট্টগ্রামের বোয়ালখালীতে প্রথম জনসংযোগে এসে এমনই কথা বললেন চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় গাড়িবহর নিয়ে বোয়ালখালীতে নির্বাচনী জনসংযোগ শুরু করেন তিনি।
এসময় কধুরখীল চৌধুরী হাট, চরণদ্বীপ ভরাপুকুরপাড়, মসজিদঘাট, পোপাদিয়া বাইগ্যার টেক ও শ্রীপুর নুরুল্লাহ মুন্সির হাটে আয়োজিত পথসভায় উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণকে লক্ষ্য করে বক্তব্য রাখেন এরশাদ উল্লাহ।
কধুরখীল চৌধুরী হাটের পথসভায় তিনি বলেন, “আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে প্রথম পদক্ষেপ হিসেবে কালুরঘাট সেতুর বাস্তবায়ন দৃশ্যমান করব।”
গত ৫ নভেম্বর নগরীতে জনসংযোগকালে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এরশাদ উল্লাহ। সুস্থ হয়ে ফিরেই মাঠে নেমে আসায় তাকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে দলের নেতাকর্মীদের মধ্যে।
জনসংযোগ ও পথসভায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, আবু আকতারসহ হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর এরশাদ উল্লাহকে কাছে পেয়ে দলীয় নেতাকর্মীরা আনন্দ ও উৎসাহ প্রকাশ করেন।

