সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

- Advertisement -

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবেই অন্তর্বর্তী সরকারে যুক্ত হয়েছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। তাদের মধ্যে মাহফুজ আলম দায়িত্ব পালন করছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে, আর আসিফ মাহমুদ ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। শুরুতে ২৩ সদস্যের উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে ছিলেন মো. নাহিদ ইসলাম। তবে গত ২৫ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করে জুলাই অভ্যুত্থানের তরুণদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হন। তার অবর্তমানে তথ্য উপদেষ্টার দায়িত্ব পান মাহফুজ আলম।

মাহফুজ আলম গত বছরের ২৮ আগস্ট বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান এবং ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। অন্যদিকে আসিফ মাহমুদ শুরুতে শ্রম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেও পরবর্তীতে প্রয়াত এ এফ হাসান আরিফকে সরিয়ে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে তিনি এলজিআরডি ও যুব–ক্রীড়া মন্ত্রণালয় পরিচালনা করে আসছিলেন।

দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগের মাধ্যমে উপদেষ্টা পরিষদে ছাত্র নেতৃত্বের উপস্থিতি কমে গেল বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

সর্বশেষ

এই বিভাগের আরও