রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল চারটার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর থেকে হাদির সর্বশেষ শারীরিক অবস্থা নিশ্চিত করা হয়।
ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের দপ্তর জানায়, হাদির অবস্থা আশঙ্কাজনক (ক্রিটিক্যাল)। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছেন এবং বুলেটটি এখনো মাথার ভেতরে রয়েছে।
এর আগে দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় অজ্ঞাত মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২৫ মিনিটে মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি এসে হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ হওয়ার সময় শরিফ ওসমান হাদির পেছনের রিকশায় ছিলেন মো. রাফি। তিনি বলেন, “জুমার নামাজ শেষে আমরা হাইকোর্টের দিকে যাচ্ছিলাম। বিজয়নগরে পৌঁছাতেই মোটরসাইকেল থেকে দুজন এসে হাদি ভাইকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।”
ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্ত করে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।

