ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত হাতে থাকা স্বল্প সময়ের মধ্যেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
তিনি বলেন, আমাদের হাতে সময় বেশি নেই। নির্বাচন শেষে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করেই বিদায় নিতে হবে। তবে এর আগ পর্যন্ত চমেক হাসপাতালের উন্নয়নে যা যা করা সম্ভব, সবই করার চেষ্টা করব।
শুক্রবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা পরিদর্শন, হাসপাতাল ঘুরে দেখা এবং ক্যাথল্যাবের কার্যক্রম উদ্বোধন শেষে উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য উপদেষ্টা জানান, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ছেলে–মেয়েরা নার্সিং পেশায় আসতে আগ্রহ দেখাচ্ছে না। নার্সিংকে অনেকেই অসম্মানজনক মনে করায় সংকট তৈরি হচ্ছে, ফলে অন্যান্য বিভাগ থেকে নার্স এনে চট্টগ্রামের হাসপাতালগুলোতে নিয়োগ দিতে হয়। তিনি তরুণদের নার্সিং পেশায় আসার আহ্বান জানান এবং বলেন, এ খাতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, চট্টগ্রামে সামর্থ্যবান মানুষের সংখ্যা বেশি। চিকিৎসা খাতে মাইজভাণ্ডারী দরবার ফাউন্ডেশনের মতো ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগ বাড়লে স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনা সম্ভব। হাসপাতাল পরিদর্শনকালে তিনি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. ওমর ফারুক ইউসুফ, অধ্যাপক এওয়াই এমডি জাফর এবং শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সচিব প্রফেসর ডা. হাসানুজ্জামান। হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আনিসুল আউয়াল অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

