সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

‘যেকোনো মূল্যে স্বাধীনতা রক্ষা করব’—শহীদ বুদ্ধিজীবী দিবসে মির্জা ফখরুল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে এবং সামনে আরও সহিংস ঘটনার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, “আমরা গভীরভাবে উদ্বিগ্ন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে মনে হচ্ছে, সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে।”

- Advertisement -

রোববার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবারও একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছে। “আমরা যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখব,”—বলেন তিনি।

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির পক্ষ থেকে, আমাদের অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ আমরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এসেছি। একইসঙ্গে শপথ নিয়েছি—যেকোনো মূল্যে স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষা করব।”

বিএনপি মহাসচিব দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, “তিনি বাংলাদেশে আমূল পরিবর্তনের সূচনা করেছিলেন। তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।”

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর ও আল-শামস পরিকল্পিতভাবে দেশের বরেণ্য শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলীসহ বহু বুদ্ধিজীবীকে হত্যা করে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এবারও বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও