রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

থাইল্যান্ড–বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করতে দ্বিপাক্ষিক আলোচনা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ–থাইল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, সামুদ্রিক যোগাযোগ, অনলাইন প্রতারণা প্রতিরোধ, বহুপাক্ষিক সহযোগিতা এবং জনগণ-থেকে-জনগণ পর্যায়ের সম্পর্ক সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হয়।

- Advertisement -

প্রধান উপদেষ্টা থাইল্যান্ডের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা স্মরণ করে বলেন, রাষ্ট্রদূতের দায়িত্বকালীন সময়ে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদী।

একই সঙ্গে আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ অর্জনে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ পুনর্ব্যক্ত করেন। ১১ সদস্যবিশিষ্ট এ আঞ্চলিক জোটকে বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ শক্তি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আবেদন জানিয়েছে।

তিনি আরও বলেন, এই উদ্যোগ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

থাই রাষ্ট্রদূত জানান, থাইল্যান্ড বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরু করতে আগ্রহী। এ চুক্তির মাধ্যমে বাংলাদেশে থাই বিনিয়োগ বাড়বে এবং দুই দেশের বাণিজ্য সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এছাড়া থাইল্যান্ডের রানং বন্দর ও বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি নৌপথ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। আগামী ফেব্রুয়ারিতে দুই দেশের শিপিং কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আলোচনার পর মার্চ মাসে এ সেবা চালু হতে পারে।

প্রধান উপদেষ্টা বাংলাদেশি নাগরিকদের জন্য আরও বেশি ভিসা ইস্যুর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, চিকিৎসা, ব্যবসা, শিক্ষা ও পর্যটনের উদ্দেশ্যে থাইল্যান্ডে বাংলাদেশিদের যাতায়াত ক্রমেই বাড়ছে।

সাক্ষাতে এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও