ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই এবং নির্ধারিত সময়েই সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে সিইসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে অতিরিক্ত উদ্বেগের কারণ নেই। “মাঝেমধ্যে দুই-একটি ঘটনা ঘটে—এগুলো নতুন নয়। অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বরং উন্নত,” বলেন তিনি।
হাদির ওপর হামলার প্রসঙ্গে সিইসি জানান, নির্বাচন সামনে এলেই কিছু বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা দেখা যায়, তবে এগুলো সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হবে না। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ভোট আয়োজনের সক্ষমতা তাদের রয়েছে।
সিইসি নাসির উদ্দিন বলেন, “নির্বাচন নিয়ে দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন। আমরা সবাইকে সঙ্গে নিয়েই একটি সুন্দর, গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক নির্বাচন উপহার দেব।” তিনি তরুণ ভোটারদের ভোট দিতে এবং অন্যদের উৎসাহিত করার আহ্বানও জানান।
উল্লেখ্য, গত শুক্রবার গণসংযোগে বের হলে বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান বিন হাদি। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

