রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বিজয় দিবসে সশস্ত্র বাহিনীর আয়োজনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

মহান বিজয় দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

- Advertisement -

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত এই আয়োজনে তিনি উপস্থিত থাকেন। মহান বিজয় দিবসকে আরও মহিমান্বিত ও আকর্ষণীয় করে তুলতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মনোজ্ঞ ফ্লাই পাস্ট, প্যারাজাম্প এবং বিশেষ এ্যারোবেটিক প্রদর্শনী উপস্থাপন করা হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

এ ছাড়াও সশস্ত্র বাহিনীর উদ্যোগে একটি সমন্বিত ব্যান্ড পরিবেশনের আয়োজন করা হয়। ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দলের বাদ্য পরিবেশনের পাশাপাশি রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জেলায় অবস্থিত সেনানিবাস ও ঘাঁটি সংলগ্ন এলাকায় সীমিত পরিসরে ব্যান্ড পরিবেশন অনুষ্ঠিত হয়।

একই সঙ্গে বিমান বাহিনীর ব্যবস্থাপনায় সীমিত আকারে ফ্লাই পাস্ট পরিচালিত হয় খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, নাটোর, বগুড়া, চট্টগ্রাম শহর ও ফৌজদারহাট এলাকা, কক্সবাজার এবং মাতারবাড়ী অঞ্চলে।

বিজয়ের ৫৪তম বার্ষিকী উপলক্ষে একটি ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিকুর রহমানসহ সশস্ত্র বাহিনীর ৫৩ জন—মোট ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের জাতীয় পতাকা বহন করে ফ্রি ফল জাম্পের মাধ্যমে আকাশ থেকে ভূমিতে অবতরণ করেন। এ উদ্যোগটি সফল হলে এটিই হবে এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক পতাকাসহ ফ্রি ফল জাম্প, যা প্রথমবারের মতো বাংলাদেশের নামে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি করবে।

সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সক্ষমতার পরিচয় তুলে ধরার পাশাপাশি দেশের ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশে ও বিদেশে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে জাতীয় গৌরব ও আত্মপরিচয়ের অনুভূতি আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, সশস্ত্র বাহিনীর প্রধানগণসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।

এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের।

সর্বশেষ

এই বিভাগের আরও