রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

৫ বছর নিখোঁজ থাকলে ‘গুম’ ঘোষণা—সংশোধিত অধ্যাদেশ অনুমোদন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

‘গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে কোনো ব্যক্তি ন্যূনতম পাঁচ বছর গুম থাকলে এবং জীবিত ফিরে না এলে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে ‘ডিস-অ্যাপিয়ার্ড’ বা ‘গুম’ হিসেবে ঘোষণা করতে পারবেন।

- Advertisement -

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকের সিদ্ধান্তের কথা জানিয়ে বিকেলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, মানবাধিকার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকার ‘গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল’-এর জন্য প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারবে।

তিনি আরও জানান, ভুক্তভোগী বা অভিযোগকারী ব্যক্তিগত উদ্যোগে ট্রাইব্যুনালে আইনজীবী নিয়োগ করতে পারবেন। পাশাপাশি গুম হওয়া ব্যক্তির স্ত্রী অথবা তার ওপর নির্ভরশীল পরিবারের কোনো সদস্য কমিশনের পূর্বানুমতি ছাড়াই গুম হওয়া ব্যক্তির সম্পত্তি ব্যবহার করতে পারবেন।

সরকারি সূত্র জানিয়েছে, এই সংশোধিত অধ্যাদেশ কার্যকর হলে গুম সংক্রান্ত অভিযোগের বিচার প্রক্রিয়া আরও কার্যকর ও মানবাধিকারবান্ধব হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও